নৈতিক অবক্ষয়ের অভিযোগে মোংলায় এমপি নজরুলের কুশপুত্তলিকা দাহ
বুধবার, ২২ জুলাই, ২০২৬ ৭:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের বিতর্কিত ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে মোংলা। আজ বুধবার সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তাঁর সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানানো হয়েছে। সমাবেশ শেষে বিক্ষুব্ধ জনতা এই বিতর্কিত জনপ্রতিনিধির কুশপুত্তলিকা দাহ করে তীব্র ক্ষোভ প্রকাশ করে।
বুধবার দুপুরে মোংলা পোর্ট পৌরসভা চত্বরে 'মোংলা সচেতন নাগরিক সমাজ' এর উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের বিক্ষুব্ধ মানুষ অংশগ্রহণ করেন এবং অভিযুক্ত সংসদ সদস্যের শাস্তির দাবিতে স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় বক্তারা বলেন, একজন সম্মানিত জনপ্রতিনিধির কাছ থেকে এমন নৈতিক অবক্ষয় ও বিতর্কিত আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁর এমন কর্মকাণ্ড কেবল নিজের পদের মর্যাদা ক্ষুণ্ন করেনি, বরং সমাজকে কলঙ্কিত করেছে। অবিলম্বে এই সংসদ সদস্যের পদ থেকে তাঁকে অপসারণ করার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
বিক্ষোভের শেষ পর্যায়ে উপস্থিত জনতা পৌরসভা চত্বরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করে প্রতীকী প্রতিবাদ জানান। এরপর সেখানে বিক্ষুব্ধ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সমবেত হয়ে ধিক্কার জানান।
উক্ত প্রতিবাদ কর্মসূচিতে অন্যան্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর যুবদলের সদস্য সচিব এম এ কাশেম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নূর জনি, পৌর কৃষকদলের সম্পাদক নাজমুল ইসলাম মানিক, যুবদল নেতা রেজাউল করিম শুভ এবং সাবেক পৌর ছাত্রদলের সদস্য সচিব মীর সাগর। এছাড়া বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন।
১৫৬ বার পড়া হয়েছে