১০টি স্বর্ণ ও ৪টি জাতীয় রেকর্ড: সেরা সাঁতারু মাইশাকে জেলা প্রশাসকের সংবর্ধনা
সোমবার, ২০ জুলাই, ২০২৬ ১১:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় ১০টি স্বর্ণসহ অনন্য রেকর্ড গড়ে দেশসেরা হওয়া মুন্সীগঞ্জের কৃতি সন্তান ফাতিহা মাহতাব মাইশাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে এই কৃতি সাঁতারুকে অভিনন্দিত করেন। গজারিয়ার এই কিশোরীর এমন অভাবনীয় সাফল্যে আনন্দিত ও গর্বিত পুরো জেলাবাসী।
আজ সোমবার (২০ জুলাই) মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই তরুণ সাঁতারুর হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় কৃতি ক্রীড়াবিদ মাইশার অনন্য সাফল্যের প্রশংসা করে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা উপহারও প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী মাইশার অসামান্য নৈপুণ্যের প্রশংসা করে বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও মাইশা যে গৌরবময় সাফল্য অর্জন করেছে, তা সত্যিই অসাধারণ। তার এই গৌরবজনক অর্জন জেলার অন্যান্য কিশোর-কিশোরীদের ক্রীড়াঙ্গনে এগিয়ে আসতে এবং দেশের মুখ উজ্জ্বল করতে গভীরভাবে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতে মাইশার সাফল্যের এই ধারা বজায় রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।
উল্লেখ্য, মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার রসুলপুর ইউনিয়নের নবম শ্রেণির শিক্ষার্থী ফাতিহা মাহতাব মাইশা। সম্প্রতি সমাপ্ত হওয়া ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬-এ সে অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন করে। এই মর্যাদাপূর্ণ আসর থেকে মাইশা একাই ১০টি স্বর্ণপদক ও ১টি রৌপ্যপদক নিজের ঝুলিতে পুরে নেয়। একই সঙ্গে সে ৪টি নতুন জাতীয় রেকর্ড স্থাপন করে টুর্নামেন্টের সেরা সাঁতারুর মুকুট অর্জন করে। তার এই ঐতিহাসিক সাফল্য মুন্সীগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনে এক নতুন গৌরবের অধ্যায় যুক্ত করেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জুবায়ের হোসেন এবং জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীনসহ স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকেরা। তারা সবাই এই কৃতি সাঁতারুর উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সে ভালো করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
১৩৫ বার পড়া হয়েছে