সিরাজগঞ্জে বালুবাহী ট্রাক চাপায় অটোভ্যান চালকের মৃত্যু, আহত ৩
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের কাজিপুরে বালুবাহী একটি দ্রুতগামী ট্রাকের চাপায় এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানে থাকা আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ-ধুনট আঞ্চলিক মহাসড়কের পাটাগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত অটোভ্যান চালকের নাম বাদশা মিয়া (৫৫)। তিনি কাজিপুর উপজেলার শুভগাছা গ্রামের মৃত কছের শেখের ছেলে। এ দুর্ঘটনায় আহত তিন যাত্রীকে স্থানীয়দের সহায়তায় দ্রুত সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল নয়টার দিকে সিরাজগঞ্জ-ধুনট আঞ্চলিক মহাসড়কের পাটাগ্রাম নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক যাত্রীবাহী অটোভ্যানটিকে সজোরে চাপা দেয়। সংঘর্ষের পর পরই চালক ও হেলপার গাড়িটি রেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে কাজিপুর ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। কাজিপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলেই ভ্যান চালক মারা যান এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে ইতোমধ্যে জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
১২৫ বার পড়া হয়েছে