ইরান ছাড়ার অনুমতি পেলেন গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ডেনা কারারি
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ইরানে ২০২৪ সাল থেকে আটক থাকা ইরানীয়-আমেরিকান নাগরিক ডেনা কারারি মুক্তি পেয়েছেন। গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক এই ৫৩ বছর বয়সী নারীকে দেশ ছাড়ার অনুমতি দিয়েছে তেহরান। তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর আইনজীবী জ্যারেড জেনসার।
ইরানে আটক ইরানীয়-আমেরিকান নাগরিক ডেনা কারারি মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, কারারিকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল এবং তিনি এখন ইরানের বাইরে নিরাপদে অবস্থান করছেন।
ট্রাম্প বলেন, কারারির মুক্তি ইরানের পক্ষ থেকে একটি ইতিবাচক ও সদিচ্ছার পদক্ষেপ। তবে তাঁর মুক্তির প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি মার্কিন প্রেসিডেন্ট।
ডেনা কারারির যুক্তরাষ্ট্রভিত্তিক আইনজীবী জ্যারেড জেনসারও তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলমান সংঘাতের মধ্যেও কারারির ইরান ত্যাগ করতে পারা একটি বড় ঘটনা। জেনসার আরও জানান, গত সপ্তাহে কারারি গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। এ কারণে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
আইনজীবীর তথ্য অনুযায়ী, কারারি বর্তমানে যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনতে সহায়তার জন্য জেনসার ট্রাম্প প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
ডেনা কারারির মুক্তির ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তীব্র রয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সমঝোতার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর সামরিক পরিস্থিতিও আরও জটিল হয়েছে।
কারারিকে কেন আটক করা হয়েছিল এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ইরান কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন কোনো মন্তব্য পাওয়া যায়নি।
১১৭ বার পড়া হয়েছে