এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনে ‘অছাত্রদের’ সম্পৃক্ততাও ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল ও নম্বর বণ্টন নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি মহল সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। তবে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে না বলেও জানান তিনি।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও সমাবেশের বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, আন্দোলনে অনেক অছাত্রও যুক্ত হয়েছিল বলে সরকার মনে করছে। কিছু মহল পরিস্থিতি ঘোলাটে করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। এর আগেও অন্তর্বর্তী সরকারের সময়ে এ ধরনের আন্দোলনের প্রবণতা দেখা গিয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষার্থীরা তাদের দাবিগুলো শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের কাছে জানিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কোনো পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করেছে।
পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুলের বিষয়ে তিনি বলেন, পরীক্ষায় দুটি প্রশ্নে ভুল পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভুল দুটি প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ সিদ্ধান্তের পর পরীক্ষার্থীদের সমস্যা অনেকটাই সমাধান হয়েছে। এরপরও কোনো শিক্ষার্থী পরবর্তী পরীক্ষায় অংশ নিতে না পারলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষার সময় তাদের জন্য সুযোগ রাখা হবে।
শিক্ষার্থীদের নিয়ে একটি মন্তব্যের কারণে অনেকে কষ্ট পেয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে শিক্ষামন্ত্রী সংসদে দেওয়া বক্তব্যে দুঃখ প্রকাশ করেছেন।
সরকারকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে—এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, কয়েকটি জেলা ও ঢাকার কিছু স্থানে এ ধরনের কর্মসূচি দেখা গেছে। তবে এর সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা বেশি নয়। গণমাধ্যমে বিষয়টি আলোচনায় আসায় এটি বেশি গুরুত্ব পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
১১৭ বার পড়া হয়েছে