সাতক্ষীরায় জলবায়ু উদ্বাস্তুদের অধিকার আদায়ে মানববন্ধন
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে বাস্তুচ্যুত ও সাতক্ষীরার বিভিন্ন বস্তিতে আশ্রয় নেওয়া মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে এই কর্মসূচির আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান 'বারসিক' এবং স্থানীয় যুব সংগঠন। পরিবেশ বিপর্যয় ও টেকসই বেড়িবাঁধের অভাব কীভাবে উপকূলের মানুষকে মানবেতর জীবনযাপনে বাধ্য করছে, তা এই কর্মসূচিতে তুলে ধরা হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরায় ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানছে। একের পর এক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কারণে ভিটেমাটি হারিয়ে হাজার হাজার মানুষ বাধ্য হয়ে শহরের বস্তিগুলোতে আশ্রয় নিচ্ছেন। কিন্তু সেখানেও তারা চরম খাদ্য সংকট, অস্বাস্থ্যকর বাসস্থান এবং বেকারত্বের মতো মারাত্মক নাগরিক সমস্যার মুখোমুখি হচ্ছেন।
সমাবেশে বক্তারা উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবিলায় অবিলম্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং সুপেয় পানির সংকট দূর করার জোর দাবি জানান। একই সঙ্গে জলবায়ু উদ্বাস্তুদের মৌলিক অধিকার নিশ্চিত করতে শহরের জন্য একটি বিশেষ 'সবুজ জলবায়ু তহবিল' গঠনের আহ্বান জানানো হয়।
মানবাধিকার কর্মী মাধব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন গ্রীন কোয়ালিশনের সভাপতি আবু আফফান রোজ বাবু, নাগরিক নেতা সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ এবং সাংবাদিক বেলাল হোসেনসহ স্থানীয় বস্তিবাসী ও যুব নেতৃবৃন্দ। বক্তারা প্রত্যন্ত উপকূলীয় এলাকা এবং নগরের বস্তিতে বসবাসকারী ক্ষতিগ্রস্তদের টেকসই আবাসন নিশ্চিতের দাবি জানান।
১৪১ বার পড়া হয়েছে