নিয়োগ বাতিলের ষড়যন্ত্র! সাতক্ষীরা মেডিকেলে আউটসোর্সিং কর্মচারীদের বিক্ষোভ
বুধবার, ১৫ জুলাই, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সদ্য নিয়োগপ্রাপ্ত আউটসোর্সিং কর্মচারীদের নিয়োগ বাতিলের চক্রান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার হাসপাতাল চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে কর্মচারীরা তাদের চাকরি স্থায়ীকরণের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা অভিযোগ করেন, একটি কায়েমি স্বার্থান্বেষী মহল তাদের বৈধ নিয়োগকে প্রশ্নবিদ্ধ করতে নানা অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আন্দোলনরত কর্মচারীরা জানান, তারা দীর্ঘ ৮ থেকে ১০ বছর ধরে উক্ত হাসপাতালে কোনো বেতন ছাড়াই স্বেচ্ছাশ্রমে দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর সরকারি বিধিমালা অনুযায়ী ৫৪ জন যোগ্য প্রার্থীকে আউটসোর্সিং ভিত্তিতে স্বল্প বেতনে নিয়োগ প্রদান করে। এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থেকেই একটি মহল ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে হাসপাতালের মূল প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন আউটসোর্সিং কর্মচারী আতাউর রহমান, শেখ সুমন, সালমা খাতুন এবং জুলাই আন্দোলনের যোদ্ধা জিল্লুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা স্পষ্টভাবে জানান, কোনো আর্থিক লেনদেন ছাড়াই সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের ওপর মিথ্যা দোষারোপ করে এই নিয়োগ প্রক্রিয়া বাতিলের চক্রান্ত চলছে। তারা চক্রান্তকারীদের অবিলম্বে এসব অপপ্রচার বন্ধের হুঁশিয়ারি দেন এবং অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার হুমকি দেন।
১২৭ বার পড়া হয়েছে