টাঙ্গাইলে মেডিনোভা হাসপাতালের বিরুদ্ধে চুক্তি ভেঙে ভবন দখলের চেষ্টার অভিযোগ
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬ ৯:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলে চুক্তিপত্র লঙ্ঘন করে মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেডের বিরুদ্ধে জোরপূর্বক ভবন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ভবনের মালিক ডা. শাহ আলম এই চাঞ্চল্যকর দাবি করেন। তিনি অভিযোগ করেন, প্রভাবশালী মহলের যোগসাজশে হাসপাতালের পক্ষ থেকে তাঁর মালিকানাধীন বহুতল ভবনটি দখলের অপচেষ্টা চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে ডা. শাহ আলম জানান, টাঙ্গাইলের শামসুদ্দোহা-রেজিয়া ভবনটি ২০ বছরের লিখিত চুক্তির মাধ্যমে মেডিনোভা মেডিকেল সার্ভিসেসকে ভাড়া দেওয়া হয়েছিল। চুক্তির মেয়াদ ১০ বছর পার হওয়ার পর থেকেই নানা বিষয়ে মতপার্থক্য তৈরি হয়। ভবনের মালিকের লিখিত অনুমতি ছাড়াই বিভিন্ন অংশে স্থায়ী কাঠামোগত পরিবর্তন আনার অভিযোগ করেন তিনি।
অভিযোগ অনুযায়ী, চার বছর আগে ভবনের প্রধান সিঁড়ির প্রবেশপথ স্থায়ী দেয়াল তুলে বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ষষ্ঠ তলা পর্যন্ত ভাড়া দেওয়ার চুক্তি থাকলেও ষষ্ঠ ও সপ্তম তলার সংযোগস্থলে দেয়াল নির্মাণ করে যোগাযোগের পথ সম্পূর্ণ অবরুদ্ধ করা হয়েছে। এমনকি প্রায় এক বছর আগে ভবনের জরুরি অগ্নিনির্গমন পথও বন্ধ করে দেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
ভবনের মালিক আরও অভিযোগ করেন, তাঁর প্রবাসে থাকার সুযোগে নির্ধারিত স্থান থেকে ফার্মেসিটিকে কমন স্পেসে সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে রোগী, দর্শনার্থী এবং সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে। বর্তমানে হুইলচেয়ার ও ট্রলি চলাচলের র্যাম্পকে যাতায়াতের সাধারণ পথ হিসেবে ব্যবহার করতে হচ্ছে, যা চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। একাধিকবার শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়া হলেও হাসপাতাল পক্ষ থেকে সাড়া মেলেনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছে মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেড। প্রতিষ্ঠানটির টাঙ্গাইল জেলা শাখার ম্যানেজার হায়দার আলী জানান, ভাড়ার চুক্তিপত্রে নির্দিষ্ট কোনো নকশা বা প্ল্যানিংয়ের উল্লেখ ছিল না। তাদের জানামতে কোনো ধরনের চুক্তির শর্ত ভঙ্গ বা লঙ্ঘন করা হয়নি।
১৩৪ বার পড়া হয়েছে