গাবুরায় লবণ পানির পাইপ অপসারণ, বেড়িবাঁধ রক্ষায় চেয়ারম্যানের উদ্যোগ
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে মেঘা প্রকল্পের আওতায় নির্মিত নতুন বেড়িবাঁধ রক্ষায় অবৈধভাবে স্থাপন করা লবণ পানি ওঠানো ও নিষ্কাশনের ‘নাইনটি’ পাইপ অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে স্থানীয়দের সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে ইউনিয়ন পরিষদ।
উপকূলীয় এলাকার মানুষের জানমাল ও পরিবেশ সুরক্ষায় নির্মিত টেকসই বেড়িবাঁধের ওপর দীর্ঘদিন ধরে কিছু মৎস্যঘের মালিক অবৈধভাবে লবণ পানি ওঠানো-নামানোর জন্য ‘নাইনটি’ পাইপ স্থাপন করে আসছিলেন। এসব পাইপের কারণে বাঁধের স্থায়িত্ব হুমকির মুখে পড়ছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন।
গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম. মাছুদুল আলমের নেতৃত্বে মঙ্গলবার সকালে বাঁধের ওপর স্থাপিত এসব অবৈধ পাইপ অপসারণের কার্যক্রম শুরু হয়। অভিযানে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন।
চেয়ারম্যান জানান, সরকারি অর্থায়নে নির্মিত মেঘা প্রকল্পের এই বেড়িবাঁধ উপকূলীয় জনপদকে নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু বাঁধের ওপর অবৈধ পাইপ স্থাপনের কারণে এর নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছিল।
তিনি বলেন, বাঁধ রক্ষা ও জনস্বার্থ বিবেচনায় অবৈধ স্থাপনা অপসারণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বাঁধের ক্ষতি হয়—এমন কোনো কার্যক্রম হলে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, ভেড়িবাঁধ সুরক্ষিত থাকলে উপকূলীয় এলাকার কৃষি, মৎস্যসম্পদ ও বসতভিটা রক্ষা করা সহজ হবে।
১১৭ বার পড়া হয়েছে