মির্জাপুরে নারীসহ কয়েকজনকে লাঠি দিয়ে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল
রবিবার, ৫ জুলাই, ২০২৬ ৪:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের মির্জাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারী ও তাঁর পরিবারের ওপর অমানবিক হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের লাঠি দিয়ে পেটানোর এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভাষ সরকারের বিরুদ্ধে এক নারীসহ কয়েকজনকে লাঠি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। গত ২৭ জুন সকালে উপজেলার তেঘরী কেশব গ্রামে এই ঘটনা ঘটে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৫১ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান বিভাষ সরকার হাতে একটি বাঁশের চিকন লাঠি নিয়ে কয়েকজনকে সাথে নিয়ে হেঁটে আসছেন। এরপর তিনি এক নারীর উদ্দেশ্যে অশালীন ভাষা প্রয়োগ করেন। প্রতিবাদ করায় প্রথমে এক যুবককে এবং পরবর্তীতে এগিয়ে আসা ওই নারীকে লাঠি দিয়ে নির্মমভাবে আঘাত করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বাসন্তী রানীর পৈত্রিক জমির ওপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করছিলেন চেয়ারম্যান। এতে বাধা দিতে গেলে বাসন্তী রানী, তাঁর স্বামী রামগোপাল সাহা এবং মেয়ে পায়েল সাহার ওপর হামলা চালানো হয়। ভুক্তভোগীদের দাবি, পৈতৃক সম্পত্তি দখল করতেই চেয়ারম্যান এমন সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছেন।
অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বিভাষ সরকার মারধরের বিষয়টি আংশিক স্বীকার করে দাবি করেন, স্কুলের সীমানার বাইরে চলাচলের রাস্তা তৈরিতে বাধা দেওয়ায় তিনি তাদের কঞ্চি দিয়ে পিটিয়েছেন। এদিকে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবীব জানিয়েছেন, এই ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১৫ বার পড়া হয়েছে