অবহেলা ও দুর্নীতি হলে সরাসরি চাকরিচ্যুতি, বদলি নয়: স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ৪ জুলাই, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
স্বাস্থ্যখাতে অবহেলা ও দুর্নীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, অনিয়ম প্রমাণিত হলে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুত করা হবে। শনিবার নরসিংদীতে ডায়াবেটিক সমিতির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সেখানে তিনি বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। এবার বাজেট কোনো সাধারণ টাকার বাজেট নয়, এটি একটি আদর্শের বাজেট, যেখানে প্রতিটি পদক্ষেপ দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। এছাড়া ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিকগুলোর সংস্কার করে নতুন ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে তৃণমূলের স্বাস্থ্যসেবা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে দেশের উপজেলা হাসপাতালগুলোকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন তিনি।
বেসরকারি হাসপাতালগুলোর শৃঙ্খলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সব বেসরকারি হাসপাতালে লেবার ওয়ার্ড থাকা বাধ্যতামূলক। আগামী এক সপ্তাহের মধ্যে নরসিংদীর বেসরকারি হাসপাতালগুলোতে এই সুবিধা নিশ্চিত করা হয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রতিবেদন জমা দিতে সিভিল সার্জনকে নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ম অমান্যকারী প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদীর উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী আরও জানান, এ বছরই ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের অস্থায়ী কার্যক্রম শুরু হচ্ছে। এছাড়া চীনের সহায়তায় দেশে যে ১৮টি অত্যাধুনিক হাসপাতাল নির্মিত হবে, তার একটি নরসিংদীতে স্থাপন করা হবে।
নরসিংদী জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
১১৪ বার পড়া হয়েছে