শ্রীপুরে কৃষি উপকরণ, ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা বিতরণ
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ ৫:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মাগুরার শ্রীপুর উপজেলায় উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে কৃষকদের মধ্যে কৃষি উপকরণ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের জন্য ক্রীড়া সামগ্রী এবং অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পৃথক দুটি অনুষ্ঠানে এসব উপকরণ ও সহায়তা প্রদান করা হয়।
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর ও উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বৃহস্পতিবার (২ জুলাই) পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বিভিন্ন উপকরণ ও আর্থিক সহায়তা তুলে দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. বদরুল আলম হিরো, জেলা কৃষকদলের সভাপতি মো. রুবাইয়াত হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফুল আলম জোয়ারদার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কৃষি কর্মকর্তার কার্যালয় ও সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, এডিবি প্রকল্প ও উপজেলা রাজস্ব তহবিলের অর্থায়নে উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন সংগঠন ও সমিতির মধ্যে ফুটবল, ভলিবল, ক্রিকেট সামগ্রী, স্প্রে মেশিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
এ ছাড়া কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মোট ৪ হাজার ৪৫৯ জন কৃষকের মধ্যে ধান ও আমনের বীজ, সার, গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, শাকসবজির বীজ, লেবুগাছ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি ২০০ জন কৃষককে এয়ার ফ্লো মেশিন দেওয়া হয়েছে।
কৃষি অফিস সূত্রে আরও জানানো হয়, উপকারভোগীদের মধ্যে ১ হাজার ৯০০ জনকে উফশী আমন ধানের বীজ, ১ হাজার ২০০ জনকে আমন বীজ, ৭০ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ৮৬০ জনকে শাকসবজির বীজ, ৩৫ জনকে লেবুগাছ এবং ১ হাজার ১৯৪ জনকে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয়েছে।
অন্যদিকে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার ৬০ জন অস্বচ্ছল ব্যক্তির মধ্যে মোট ১ লাখ ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
১১৯ বার পড়া হয়েছে