মাদারীপুরে অভিযানে ৬৬ লাখ টাকার নকল সিগারেট জব্দ, আটক ৩
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬ ৫:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মাদারীপুর সদর উপজেলার মোবারকদি এলাকায় পুলিশের অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে প্রায় ১১ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা। নকল ব্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে সরকারের প্রায় ৫৩ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর সদর মডেল থানা পুলিশের একটি দল বুধবার ভোর রাতে সদর উপজেলার মোবারকদি গ্রামে অভিযান চালায়। অভিযানে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করা হয়।
বুধবার বিকেলে মাদারীপুর সদর মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা এ তথ্য জানান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ভৈরবের একটি ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান থেকে আসা কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১১০ কার্টনে প্রায় ১১ লাখ শলাকা বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট উদ্ধার করা হয়। জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ লাখ টাকা।
পুলিশ আরও জানায়, সিগারেটের প্যাকেটে নকল ব্যান্ডরোল ব্যবহার করে সরকারের প্রায় ৫৩ লাখ ৫০ হাজার টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। জব্দ করা পণ্যের মূল্য এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ মিলিয়ে মোট আর্থিক মূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা।
এ ঘটনায় সিগারেট বহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। পাশাপাশি তিনজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ ব্রাহ্মণদী এলাকার মো. আতাহার মিয়া (৬৫), কিশোরগঞ্জের লুকমারখার এলাকার মো. নাদিম মিয়া এবং রাজশাহীর কাঁঠালবাড়ি এলাকার মো. সোহেল রানা (৪৫)।
অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।
১১৬ বার পড়া হয়েছে