কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো জাতীয় ফল মেলা
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় 'করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস' প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় ফল মেলা। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় কৃষকদের উৎপাদিত বৈচিত্র্যময় ফলের প্রদর্শনী এই মেলাকে দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।
উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথি হিসেবে এতে যোগ দেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, সিপিপির সহকারী পরিচালক আছাদউজ্জামান খান, সমবায় কর্মকর্তা আব্বাস আলী, জামায়াত ইসলামীর আমীর আবদুল কাইউম এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির। কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন তাঁর বক্তব্যে বলেন, উপকূলীয় কলাপাড়া উপজেলায় বিভিন্ন প্রজাতির পুষ্টিকর ও সুস্বাদু ফল উৎপাদিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও স্থানীয় কৃষকদের উৎসাহিত করতে এই মেলার আয়োজন করা হয়েছে।
এবারের উৎসবে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক চাষিরা তাদের নিজেদের বাগানের উৎপাদিত বৈচিত্র্যময় দেশীয় ও বিদেশি ফল নিয়ে হাজির হয়েছেন। দর্শনার্থীদের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত রাখা হয়েছে।
১৭৫ বার পড়া হয়েছে