ভাঙ্গায় সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় ২৫০ জনের নাম, গ্রেপ্তার ১০
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ ৪:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদকবিরোধী কমিটি গঠন, স্থানীয় আধিপত্য বিস্তার ও বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলায় ২৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং দাঙ্গার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ শেখ বাদী হয়ে মামলাটি করেন। সংঘর্ষ চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে তিনিও আহত হন।
পুলিশ জানিয়েছে, রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী মৌজার ১১ গ্রামের বাসিন্দা এবং মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া মৌজার পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, মাদকবিরোধী কমিটি গঠন, স্থানীয় আধিপত্য বিস্তার এবং বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দীপু, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, তিনজন উপ-পরিদর্শক, কয়েকজন পুলিশ সদস্য, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, দায়িত্ব পালনরত সাংবাদিকসহ অন্তত অর্ধশত ব্যক্তি আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। সংঘর্ষের কারণে প্রায় তিন ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা করে ২৫০ জনকে শনাক্ত করে মামলায় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।
তিনি জানান, এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
১১০ বার পড়া হয়েছে