সর্বশেষ

আইন-আদালত

রামপুরায় আমির হোসেনকে গুলি ও ২জন নিহতের মামলার রায় আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২৮ জুন, ২০২৬ ৫:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি এবং একই ঘটনায় নাদিম ও মায়া ইসলামের মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলার রায় আজ (রোববার) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মামলায় সাবেক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন অভিযুক্ত রয়েছেন। প্রসিকিউশন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।

ঝুলে থাকা অবস্থায় আমির হোসেন (ফাইল ছবি)

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় সংঘটিত আলোচিত গুলির ঘটনায় দায়ের করা মামলার রায় আজ (রোববার) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করবেন।

বিচারিক প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে গত ১৫ জুন ট্রাইব্যুনাল রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেন। আদালতের অনুমতি সাপেক্ষে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এ মামলায় আসামি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, সাবেক উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভূঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে। তাদের মধ্যে বর্তমানে গ্রেপ্তার রয়েছেন শুধু চঞ্চল চন্দ্র সরকার।

মামলার শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে পাঁচ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে। অন্যদিকে, এএসআই চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন আদালতে দাবি করেন, ঘটনার সঙ্গে তাঁর মক্কেলের কোনো সম্পৃক্ততা নেই।

এর আগে গত ৪ মার্চ মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের নতুন ডিজিটাল প্রমাণ উপস্থাপনের আবেদনের পর তা পিছিয়ে যায়। পরে প্রথম সাক্ষী আমির হোসেনকে পুনরায় সাক্ষ্য দিতে হয়। এছাড়া এএসআই চঞ্চল চন্দ্র সরকারও পুনরায় সাফাই সাক্ষ্য দেন।

তদন্ত সংস্থা গত বছরের ৩১ জুলাই মামলার তদন্ত প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। এরপর ৭ আগস্ট আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং ১৮ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে রামপুরায় সংঘর্ষের মধ্যে পড়ে যান আমির হোসেন। এ সময় পুলিশ গুলি শুরু করলে তিনি একটি নির্মাণাধীন ভবনের চারতলায় আশ্রয় নেন।

অভিযোগে বলা হয়, পরে পুলিশ ভবনটিতে উঠে তাঁকে নিচে লাফ দিতে নির্দেশ দেয় এবং ভয় দেখাতে গুলি ছোড়ে। প্রাণভয়ে তিনি ভবনের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন। এ সময় নিচের তলা থেকে তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি করা হয়। এতে তাঁর দুই পায়ে গুলি লাগে। পরে পুলিশ সরে গেলে তিনি নিচে নেমে আসেন এবং স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিয়ে যান। তিনি প্রাণে বেঁচে গেলেও একই দিনে রামপুরার বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন