জিএপি পণ্যের বাজার সম্প্রসারণে রাজবাড়ীতে অংশীজনদের মতবিনিময় সভা
রবিবার, ২৮ জুন, ২০২৬ ৪:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্যের উৎপাদন এবং দেশীয়-আন্তর্জাতিক বাজারে জিএপি (গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস) পণ্যের বাজার সম্প্রসারণে রাজবাড়ীতে কৃষক, উদ্যোক্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জিএপি প্রটোকল অনুসরণ করে উৎপাদন ও বাজার সংযোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
রাজবাড়ী জেলা কৃষি বিপণন কার্যালয়ের উদ্যোগে জিএপি (Good Agricultural Practices-GAP) পণ্যের বাজার সংযোগ উন্নয়ন বিষয়ে অংশীজনদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাশেদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ।
মতবিনিময় সভায় কৃষক, কৃষি উদ্যোক্তা, ব্যবসায়ী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা এবং অন্যান্য অংশীজন অংশ নেন। বক্তারা বলেন, জিএপি প্রটোকল অনুসরণ করে নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদনের মাধ্যমে বাণিজ্যিক কৃষির প্রসার ঘটানো সম্ভব। একই সঙ্গে বাজারজাতকরণে গুণগত মান নিশ্চিত হলে ক্রেতাদের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশীয় ও আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের চাহিদা আরও বাড়বে।
প্রধান অতিথির বক্তব্যে মো. রাশেদুজ্জামান বলেন, জিএপি প্রটোকল অনুসরণ করে উৎপাদিত কৃষিপণ্য নিরাপদ, মানসম্মত ও প্রতিযোগিতামূলক বাজার গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি কৃষক, উদ্যোক্তা এবং বাজার সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ বলেন, কৃষি বিপণন অধিদপ্তর নিরাপদ কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং জিএপি ভিত্তিক বাণিজ্যিক কৃষির উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় জিএপি পণ্যের বাজার আরও সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে উপসহকারী কৃষি কর্মকর্তা সুমন মিয়াসহ প্রায় ৪০ জন কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এছাড়া রপ্তানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে হাজেরা এগ্রো প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কাঞ্চন মিয়া উপস্থিত ছিলেন।
১৫১ বার পড়া হয়েছে