সর্বশেষ

সারাদেশ

নড়াইল-২: ঐচ্ছিক তহবিলের তালিকায় দুই জায়গায় এমপির মেয়ের নাম!

স্টাফ রিপোর্টার, নড়াইল
স্টাফ রিপোর্টার, নড়াইল

রবিবার, ২৮ জুন, ২০২৬ ৩:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিল থেকে অনুদান বরাদ্দের তালিকায় তাঁর মেয়ের নাম দুই জায়গায় স্থান পাওয়ায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই তালিকা ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তড়িঘড়ি করে তালিকা তৈরি করার কারণে এমন ভুল হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সংসদ সদস্য।

ফেসবুকে ভাইরাল হওয়া সরকারি চিঠিতে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরে নড়াইল-২ আসনের সংসদ সদস্যের অনুকূলে মোট ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার ঐচ্ছিক তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ মোট ২১ জন সুবিধাভোগীর মধ্যে বিতরণের কথা ছিল। তালিকায় ১ ও ৮ নম্বর ক্রমিকে 'ফাইজা' নামে একজনের নাম এবং পিতার নাম যথাক্রমে 'মো. বাচ্চু' ও 'মো. আতাউর' উল্লেখ করে মোট ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, তালিকায় নড়াইল সদর উপজেলার ১০ জনের মধ্যে ৯ জনই এমপির নিজের ইউনিয়ন হবখালীর এবং লোহাগড়া উপজেলার ১১ জনের মধ্যে ৭ জনই তাঁর শ্বশুরবাড়ির এলাকা লাহুড়িয়া ইউনিয়নের বাসিন্দা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, প্রকৃত অভাবীদের বাদ দিয়ে স্বজনপ্রীতির আশ্রয় নেওয়া হয়েছে।

এমপি আতাউর রহমান বাচ্চু ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাঁর অনুপস্থিতিতে ব্যক্তিগত সহকারী (পিএস) তড়িঘড়ি করে এই তালিকা ঢাকায় জমা দিয়েছেন। পিএস নিজের পরিচিতদের তালিকা করার কারণে এমপির পরিবার ও এলাকার স্বজনদের নাম তালিকায় চলে এসেছে। তিনি আরও বলেন, তিনি নতুন তালিকা তৈরি করে প্রশাসনের কাছে জমা দেবেন যেন টাকাটি সঠিকভাবে বিতরণ করা যায়।

তবে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি. এম রাহসিন কবির জানান, নীতিগতভাবে পূর্বের অনুমোদিত তালিকার বাইরে নতুন কোনো তালিকায় টাকা দেওয়া সম্ভব নয়। তালিকা সংশোধন করতে হলে সেটি সরাসরি সচিবালয় থেকেই সংশোধন করিয়ে নিয়ে আসতে হবে, অন্যথায় বরাদ্দকৃত অর্থ সরকারি নিয়মানুযায়ী কোষাগারে ফেরত পাঠানো হবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন