নড়াইলে ১৪৩ জন কৃতি শিক্ষার্থী পেলেন মেধাবৃত্তি ও সনদ
রবিবার, ২১ জুন, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ১৪৩ জন কৃতি শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে। শহরের রূপগঞ্জ বেস্ট কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ এই আয়োজনে জেলার ১৯টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়। কৃতি শিক্ষার্থীদের এমন মূল্যায়নে আনন্দিত শিক্ষক ও অভিভাবকেরা।
নড়াইল প্রতিনিধি জানান, শনিবার (২০ জুন) দুপুরে শহরের রূপগঞ্জ বেস্ট কমিউনিটি সেন্টারে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। নড়াইল পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ভারপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার জিল্লুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ হায়দার আলী দেওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আহাদ আলী এবং হলি চাইল্ড কেয়ার হোম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ আসলাম খানসহ আরও অনেকে। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সাবলীলভাবে সঞ্চালনা করেন নাসমুস সাকিব ব্রাইট ও প্রবীর চক্রবর্তী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় নড়াইল জেলার ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের মোট ৪৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষা শেষে চূড়ান্তভাবে ১৪৩ জন শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হয়। এদের মধ্যে ট্যালেন্টপুলে ৫৬ জন এবং সাধারণ গ্রেডে ৮৭ জন শিক্ষার্থী এই বৃত্তি ও সনদপত্র লাভ করেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার জন্য অনুপ্রাণিত করেন।
১৩৩ বার পড়া হয়েছে