টাঙ্গাইলে পুকুরে ডুবে চাচা-ভাতিজার করুণ মৃত্যু, এলাকায় শোকের ছায়া
শুক্রবার, ১৯ জুন, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলের দেলদুয়ারে পুকুরের পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচা-ভাতিজা হওয়ায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহত দুই শিশু হলো উপজেলার নাল্লাপাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে আব্দুর রহমান (১১) ও নূর মোহাম্মদের ছেলে ফয়সাল (৭)। এদের মধ্যে আব্দুর রহমান এলাসিন টি.জে উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং ফয়সাল স্থানীয় নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই দুই শিশু সাইকেল নিয়ে স্থানীয় নাল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করতে যায়। খেলার একপর্যায়ে তারা বিদ্যালয়ের পাশেই একটি পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় হঠাৎ তারা গভীর পানিতে তলিয়ে যায়।
বেশ কিছু সময় পর স্থানীয় লোকজন পুকুরে তাদের ভাসমান দেহ দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবেই দুই শিশুর মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১১৮ বার পড়া হয়েছে