সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৭ দফা সুপারিশ, সমন্বিত ড্রেনেজ ব্যবস্থার দাবি
বুধবার, ১৭ জুন, ২০২৬ ১০:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা মোকাবিলায় সাতক্ষীরায় নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে বক্তারা জেলার নদী, খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে সাত দফা সুপারিশ তুলে ধরে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সাতক্ষীরায় ‘বর্ষা মৌসুমে সম্ভাব্য জলাবদ্ধতা নিরসনে করণীয়’ শীর্ষক একটি নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এ সংলাপের আয়োজন করে।
সংলাপে বক্তারা বলেন, জলাবদ্ধতা এখন সাতক্ষীরার অন্যতম বড় সমস্যা। সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে বর্ষা মৌসুমে জেলার বিস্তীর্ণ এলাকা আবারও পানির নিচে তলিয়ে যেতে পারে। এ পরিস্থিতি এড়াতে আগাম প্রস্তুতি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।
সংলাপে সাতটি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—সাতক্ষীরা পৌর এলাকাকে সমন্বিত ড্রেনেজ নেটওয়ার্কের আওতায় এনে শহরের পানি নিষ্কাশনের পথ প্রাণসায়ের খালের সঙ্গে সংযুক্ত করা, পৌর এলাকার অভ্যন্তরে বাণিজ্যিক মৎস্যঘের বন্ধ করা এবং ঘের পরিচালনার ক্ষেত্রে পানি নিষ্কাশনের জন্য আউট ড্রেন বাধ্যতামূলক করা।
এ ছাড়া জেলার খাল-বিল ও নদী-নালা দখলমুক্ত করে নেটপাটা ও অবৈধ আড়াআড়ি বাঁধ অপসারণ, অকেজো স্লুইসগেট দ্রুত সচল করা, বেতনা ও মরিচ্চাপ নদীতে স্লুইসগেটের সঠিক ব্যবহারের মাধ্যমে জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, ইছামতি, মরিচ্চাপ, খোলপেটুয়া, বেতনা, শালিখা ও কপোতাক্ষ নদীর আন্তঃসংযোগ পুনঃখনন এবং সব উন্নয়ন প্রকল্পকে পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল করার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, “আমরা আর জলাবদ্ধতায় ডুবতে চাই না। এখনই উদ্যোগ গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও বড় সংকটের মুখে পড়তে হবে। তাই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আগেই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”
গ্রীন কোয়ালিশন (সবুজ সংহতি) সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু আফফান রোজ বাবুর সভাপতিত্বে আয়োজিত সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগরিক নেতা ও সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, বারসিকের নগরবিদ জাহাঙ্গীর আলম, এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, ফরিদ আহমেদ ময়না, আহসানুর রহমান রাজীব, এম বেলাল হোসাইন, অ্যাডভোকেট এসএম বিপ্লব হোসেন, আসাদুজ্জামান সরদার, মো. হোসেন আলী, ইব্রাহিম খলিল, হৃদয় মণ্ডল, ইফতি জামিল, জাহানারা খাতুন ও এরশাদ আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
১২০ বার পড়া হয়েছে