লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, বিক্ষোভে তিনজন আটক
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৩:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর একটি অনুষ্ঠানে অংশগ্রহণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পূর্ব লন্ডনে আয়োজিত ওই সভার বাইরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ ও হাতাহাতির ঘটনায় পুলিশ অন্তত তিনজনকে আটক করেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর পূর্বনির্ধারিত একটি সভাকে কেন্দ্র করে সোমবার পূর্ব লন্ডনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ইস্ট লন্ডন মসজিদ–সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
সভাকে কেন্দ্র করে বিকেল থেকেই রেস্তোরাঁর সামনে দুই পক্ষের সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে হাসনাত আবদুল্লাহর সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
উদ্ভূত পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠান শেষে পুলিশি নিরাপত্তার মধ্যেই তিনি স্থান ত্যাগ করেন।
অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভ ও উত্তেজনার ঘটনায় পুলিশ অন্তত তিনজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন বলে জানা গেছে। তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তোলার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে বিকেল সাড়ে চারটার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার এলেম পার্কেও পৃথক একটি উত্তেজনাকর ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তাঁর সহযোগীরা পার্ক এলাকায় অবস্থানকালে কয়েকজন ব্যক্তি তাঁদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করেন। একপর্যায়ে তিনি পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন।
এ সময় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়। ভিডিওতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগতে দেখা যায়। পরে তাঁর সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাক্বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত ব্যক্তিরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে অভিযোগ করেছে, হাসনাত আবদুল্লাহ ও এহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী বিশৃঙ্খলা ও উসকানিমূলক আচরণ করেছেন। সংগঠনটির দাবি, এ ধরনের ঘটনা রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ।
অন্যদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অভিযোগ অস্বীকার করে বলেন, হাসনাত আবদুল্লাহর সফরকে কেন্দ্র করে দলীয়ভাবে কোনো কর্মসূচি দেওয়া হয়নি। তাঁর ভাষ্য, কিছু ব্যক্তি ব্যক্তিগত উদ্যোগে প্রতিবাদ জানিয়ে থাকতে পারেন।
১৩৩ বার পড়া হয়েছে