ঋণের দলিল হাতিয়ে নিতে আনোয়ারায় মা-মেয়েকে হত্যা, গ্রেপ্তার মূল অভিযুক্ত
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৩:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের আনোয়ারায় চাচাতো ভাবি ও তাঁর মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। অটোরিকশা কেনার জন্য নেওয়া ঋণের টাকা পরিশোধ এড়াতে এবং ঋণের স্ট্যাম্প উদ্ধার করতেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে জেলা পুলিশ।
আজ সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, গত ১৩ জুন রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন এনি বড়ুয়া ও তাঁর মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া। ঘটনার সময় ঘরে থাকা পাঁচ বছরের আরেকটি শিশু আহত হলেও প্রাণে বেঁচে যায়।
পুলিশ জানায়, নিহত এনি বড়ুয়ার স্বামী সুজন বড়ুয়ার কাছ থেকে অটোরিকশা কেনার জন্য এক লাখ ১৭ হাজার টাকা ধার নিয়েছিলেন রিমন বড়ুয়া। সুদসহ কিস্তিতে টাকা পরিশোধের বিষয়ে দুই পক্ষের মধ্যে লিখিত স্ট্যাম্পের মাধ্যমে চুক্তি হয়েছিল। তবে নিয়মিত কিস্তি পরিশোধ না করায় তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
পুলিশ সুপার জানান, ঋণের দায় থেকে মুক্তি পেতে এবং ওই স্ট্যাম্প উদ্ধার করার উদ্দেশ্যে ঘটনার রাতে বাড়ির পেছনে ওঁৎ পেতে ছিলেন রিমন। একপর্যায়ে এনি বড়ুয়া ঘরের পেছনের দরজা খুলে বাইরে এলে তাঁকে ছুরিকাঘাত করা হয়। তাঁর চিৎকার শুনে মেয়ে প্রিয়ন্তী এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। পালানোর সময় ব্যবহৃত ছুরিটি বাড়ির পেছনের একটি খালে ফেলে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর রোববার রাতে পটিয়া এলাকা থেকে রিমন বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আনোয়ারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার অন্যান্য দিকও তদন্ত করে দেখা হচ্ছে।
১১৮ বার পড়া হয়েছে