নাচোলে স্মার্টফোন অপব্যবহার, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের শপথ
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ ৩:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্মার্টফোনের অপব্যবহার, মাদক, কিশোর অপরাধ ও বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহণে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৩০০ শিক্ষার্থী চরিত্র গঠনের অঙ্গীকার করেন।
রবিবার (১৫ জুন) বেলা ১২টায় নাচোল উপজেলার এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে আয়োজনটি সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে স্মার্টফোনে আসক্তি, মাদক গ্রহণ ও কিশোর অপরাধের বিরুদ্ধে প্রতীকীভাবে ‘লাল কার্ড’ প্রদর্শন করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও চরিত্র গঠনের শপথ পাঠ করানো হয়।
এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. ইসহাক আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিদর্শক মো. জিয়াউর রহমান, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার, মাদকাসক্তি ও কিশোর অপরাধ সমাজের জন্য বড় চ্যালেঞ্জ। এসব থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থাকার অঙ্গীকার ব্যক্ত করে।
১১৭ বার পড়া হয়েছে