খিলগাঁও কলোনী স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
শনিবার, ১৩ জুন, ২০২৬ ৩:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর খিলগাঁও কলোনী স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আওতায় দিনব্যাপী ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে ‘মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
মতিঝিল থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোশতাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলগাঁও কলোনী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম এবং মো. শাহাদাত হোসেন সরকার (সুমন)।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মো. শাহাদাত হোসেন সরকার (সুমন) বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করে গড়ে তুলতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খায়রুল ইসলাম এবং থানা একাডেমিক সুপারভাইজার ফারহ্ দিবা চৌধুরী।
প্রদর্শনীতে ২১টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা বিচারকদের সামনে উপস্থাপন করে। প্রদর্শনী শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন এসইডিপি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ‘পারফরম্যান্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (পিবিজিএসআই)’ স্কিমের আওতায় দেশব্যাপী ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং ফর সেকেন্ডারি লেভেল স্টুডেন্টস অ্যান্ড টিচার্স’ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক নিয়ে একটি দল গঠন করে উপজেলা পর্যায়ের প্রদর্শনীতে অংশ নেয়।
স্টার্টআপ বিভাগে শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে নতুন ব্যবসায়িক ও সেবাধর্মী ধারণা উপস্থাপন করে। বিজ্ঞান প্রকল্প বিভাগে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন তত্ত্বের ব্যবহারিক প্রয়োগভিত্তিক মডেল প্রদর্শন করা হয়। অন্যদিকে ইনোভেশন আইডিয়া বিভাগে মানুষের জীবনকে আরও সহজ ও কার্যকর করতে বাস্তবসম্মত নতুন উদ্ভাবনী ধারণা তুলে ধরা হয়।
১৪০ বার পড়া হয়েছে