ইউরোপে চার বছরে তাপপ্রবাহে প্রাণ হারিয়েছেন দুই লাখের বেশি মানুষ
শুক্রবার, ১২ জুন, ২০২৬ ৩:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ ভয়াবহ জনস্বাস্থ্য সংকটে রূপ নিয়েছে। গত চার বছরে মহাদেশটিতে অতিরিক্ত তাপমাত্রার কারণে দুই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বৃহস্পতিবার (১১ জুন) জার্মানির বার্লিনে হালনাগাদ ‘তাপ-স্বাস্থ্য কর্মপরিকল্পনা নির্দেশিকা’ প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন সংস্থাটির ইউরোপীয় অঞ্চলের পরিচালক ড. হান্স ক্লুগে। তিনি বলেন, ক্রমবর্ধমান এই সংকট মোকাবিলায় সমন্বিত ও শক্তিশালী প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণের বিকল্প নেই।
নতুন নির্দেশিকায় তাপজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে সরকারগুলোর জন্য বেশ কিছু কার্যকর পদক্ষেপের সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে তাপপ্রবাহের আগাম সতর্কবার্তা ব্যবস্থা চালু করা, সাধারণ মানুষের জন্য শীতলীকরণ কেন্দ্র স্থাপন, নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি এবং বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের মতো ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিশেষ সহায়তা নিশ্চিত করা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, পর্যাপ্ত পানি পান ও সরাসরি রোদ এড়িয়ে চলার মতো ব্যক্তিগত সতর্কতা গুরুত্বপূর্ণ হলেও, এই সংকট মোকাবিলায় শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়। প্রয়োজন সরকারি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে ব্যাপক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ।
ড. হান্স ক্লুগে বলেন, ‘আমাদের লক্ষ্য তাপজনিত মৃত্যুর সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা।’
বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় ইউরোপ বর্তমানে সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে উঠছে। এর ফলে বয়স্ক ব্যক্তি এবং আগে থেকেই বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন এমন মানুষ সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়ছেন।
১৩৩ বার পড়া হয়েছে