বড় বাজেট বাস্তবায়নে কঠোর তদারকি ও সুশাসনের আহ্বান বাংলাদেশ ন্যাপের
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কঠোর তদারকি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ)।
দলটির শীর্ষ নেতারা মনে করেন, বাজেটের সঠিক বাস্তবায়ন নিশ্চিত না হলে বড় আকারের বরাদ্দও কাঙ্ক্ষিত সুফল আনতে পারবে না।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এ মন্তব্য করেন।
নেতারা বলেন, প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো এবং করমুক্ত আয়ের সীমা বাড়ানোর উদ্যোগ জনমনে স্বস্তি দিয়েছে। বিশেষ করে চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, ভোজ্যতেল, চিনি ও লবণসহ গুরুত্বপূর্ণ পণ্যে উৎস কর হ্রাসের সিদ্ধান্তকে তারা ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
তারা আরও বলেন, চিকিৎসা ব্যয় কমাতে কিডনি রোগীদের ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে কর ও ভ্যাট প্রত্যাহার, হৃদরোগের রিংয়ের দাম হ্রাস, চোখের লেন্সের মূল্য কমানো এবং ক্যানসার চিকিৎসার প্রয়োজনীয় উপকরণ আমদানিতে শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ স্বস্তি বয়ে আনবে। পাশাপাশি প্রবীণ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য রেলভাড়ায় বিশেষ ছাড় দেওয়ার উদ্যোগকেও তারা স্বাগত জানান।
ন্যাপ নেতারা বলেন, কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বরাদ্দ বৃদ্ধি এবং নারী ও শিশু উন্নয়ন খাতকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি ইতিবাচক। একই সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করতে উৎসে কর কমানোর প্রস্তাব উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে।
তবে তারা সতর্ক করে বলেন, বড় বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সুশাসন ও কার্যকর তদারকি। দুর্নীতি, অপচয় এবং অনিয়ম নিয়ন্ত্রণ করা না গেলে বাজেটের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে কঠোর জবাবদিহিতা ও স্বচ্ছতা অপরিহার্য।
নেতারা আরও বলেন, রাষ্ট্রের অর্থ জনগণের ঘামের উপার্জন, তাই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা সবার দায়িত্ব। সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় বাড়িয়ে বাজেট বাস্তবায়নকে আরও কার্যকর করার আহ্বান জানান তারা।
১২৯ বার পড়া হয়েছে