পাবনায় স্কুলে সিলিং ফ্যান পড়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আহত
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার পুলিশ লাইনস স্কুলে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম তামজিদ (১০)। সে পাবনা শহরের অনন্ত এলাকার ফজলুল হকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, টিফিন বিরতির পর সকাল ১০টা ২০ মিনিটে ক্লাস শুরু হয়। ক্লাস চলাকালীন দ্বিতীয় তলার ৪০৩ নম্বর কক্ষে হঠাৎ সিলিং ফ্যানটি খুলে তামজিদের মাথার ওপর পড়ে। এতে তার মাথা ফেটে গুরুতর আঘাত লাগে।
ঘটনার পর শিক্ষকরা দ্রুত তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
আহত শিক্ষার্থী তামজিদ জানায়, ফ্যানটি আগেই শব্দ করছিল এবং বিষয়টি শিক্ষককে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম বলেন, “আমরা শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তার আঘাত গুরুতর নয়। দুর্ঘটনা হিসেবে তার অভিভাবক কোনো অভিযোগ করেননি।”
তিনি আরও জানান, ঈদের ছুটির পর স্কুল খোলার পর প্রতিটি ক্লাসরুমের সিলিং ফ্যান পরীক্ষা করা হয়েছে।
উল্লেখ্য, পাবনা পুলিশ লাইনস স্কুলে বর্তমানে প্রাথমিক শাখায় ৭৩৯ জন এবং মাধ্যমিক শাখায় ৮৬১ জন শিক্ষার্থী অধ্যয়নরত।
১১৮ বার পড়া হয়েছে