বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর লাশ উদ্ধার: ৭ দিন পর হত্যা মামলা
বুধবার, ১০ জুন, ২০২৬ ৩:৫৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশুকন্যার মরদেহ উদ্ধারের ঘটনায় অবশেষে হত্যা মামলা গ্রহণ করেছে পুলিশ। ঘটনার সাত দিন পর নিহত নারীর স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বরগুনা সদর থানায় মামলাটি দায়ের করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে জানান, দায়ের করা এজাহারটি নিয়মিত হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে এবং বুধবার এজাহার আদালতে পাঠানো হবে।
গত ৩ জুন বিকেলে বরগুনা জেলা পরিষদের ডাকবাংলোর একটি কক্ষ থেকে চুক্তিভিত্তিক কর্মী ইতি রানী এবং তার দুই কন্যার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দুই শিশুর মধ্যে আরাধ্যা বিশ্বাস পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং অনুরাধা বিশ্বাসের বয়স ছিল তিন বছর।
মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে পুলিশের ধারণা ছিল, সন্তানদের হত্যার পর মা আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত করা হয়েছিল। তবে নিহত নারীর স্বামী ও স্বজনরা শুরু থেকেই দাবি করে আসছিলেন যে এটি আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
পরিবারের ওই দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে দুলাল চন্দ্র বিশ্বাস থানায় উপস্থিত হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আটজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়নি।
এদিকে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে জেলা পুলিশের পাশাপাশি কাজ করছে সিআইডির ফরেনসিক টিম। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বিভিন্ন আলামত ও ফরেনসিক প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের দায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
১৩১ বার পড়া হয়েছে