মহিপুরে দেড় কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, এলাকাজুড়ে চাঞ্চল্য
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ২:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ইব্রাহিম (৫২) ও তার স্ত্রী শারমিন (৪২)।
মঙ্গলবার (৯ জুন) দুপুরের পর মহিপুর থানার প্রায় ৫০০ গজের মধ্যে টিএন্ডটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই জাকির হোসেন, এসআই মাসুদ খান ও এসআই আজাদসহ অন্যান্য সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালান। অভিযানের সময় ইব্রাহিমের দোকান ও বাসা তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩৬,৪০০ টাকা এবং গাঁজা প্যাকেজিংয়ের সরঞ্জাম (কাঁচি) উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ইব্রাহিম মহিপুর সদর ইউনিয়নের মহিপুর গ্রামের মৃত মোসলেস হাওলাদারের ছেলে বলে জানা গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে মহিপুর থানার এসআই জাকির হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ১৯(ক) ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এদিকে পুলিশের এ সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তারা মাদক নির্মূলে পুলিশের নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, “মাদকমুক্ত মহিপুর গড়তে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ কাজে আমরা স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করছি।”
১২১ বার পড়া হয়েছে