ওসমানীনগরে পারিবারিক কলহে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম, জামাতা আটক
মঙ্গলবার, ৯ জুন, ২০২৬ ৪:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেটের ওসমানীনগর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শাশুড়িকে ধারালো বটি (দা) দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত জামাতাকে আটক করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে রোববার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের স্কুল রোড এলাকায় অবস্থিত সাবেক ইউপি সদস্য সিরাজ উদ্দিনের বাসায়।
আটককৃত ব্যক্তির নাম ছানু মিয়া (৩৫)। তিনি নবীগঞ্জ উপজেলার মিসকিনপুর গ্রামের মৃত ফয়জুর রহমানের ছেলে।
আহতরা হলেন ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের জায়ফরপুর গ্রামের মৃত আব্দুর রউফের মেয়ে রেশমা বেগম (৩০) এবং তার মা আজিরুন বেগম (৬৫)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। বর্তমানে রেশমা বেগম তার দুই সন্তান ও মাকে নিয়ে আলাদা ভাড়া বাসায় বসবাস করছিলেন।
রোববার রাতে ছানু মিয়া সন্তানদের সঙ্গে দেখা করতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তিনি ধারালো বটি দিয়ে স্ত্রী ও শাশুড়িকে আক্রমণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পরপরই ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছানু মিয়াকে আটক করে।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে আটক করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে।
১৭৪ বার পড়া হয়েছে