কংস নদীর বেইলি ব্রিজ ধসে সড়ক যোগাযোগ বন্ধ, দুর্ভোগে লাখো মানুষ
রবিবার, ৭ জুন, ২০২৬ ৭:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা এলাকায় কংস নদীর ওপর নির্মিত একটি স্টিলের বেইলি ব্রিজ ভেঙে পড়ায় ধোবাউড়ার সঙ্গে জেলা সদরের সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (৭ জুন) ভোরে বালুবাহী একটি ট্রাক পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধোবাউড়া-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের গোয়াতলা বাজার সংলগ্ন কংস নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিভিন্ন সময় বাঁশ ও কাঠ দিয়ে অস্থায়ীভাবে মেরামত করে যান চলাচল সচল রাখা হলেও শেষ পর্যন্ত ভারী যানবাহনের চাপ সহ্য করতে না পেরে ব্রিজটি ধসে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোর আনুমানিক ৪টার দিকে ধোবাউড়া থেকে ময়মনসিংহগামী বালুভর্তি একটি ট্রাক ব্রিজটি অতিক্রম করার সময় হঠাৎ করে ব্রিজের একটি অংশ ভেঙে যায়। এতে ট্রাকটি ব্রিজসহ নদীতে পড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি।
ব্রিজটি ধসে পড়ার ফলে ময়মনসিংহ-ধোবাউড়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিকল্প পথ ব্যবহার করতে গিয়ে অতিরিক্ত সময় ও খরচ গুনতে হচ্ছে এলাকাবাসীকে।
ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশাররফ হোসাইন জানান, ভোরে বালুভর্তি একটি ট্রাকের চাপে গোয়াতলা এলাকার কংস নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, গত কয়েকদিন ধরে ব্রিজটির মেরামত কাজ চলছিল। তবে ভারী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে শেষ পর্যন্ত এটি ধসে পড়ে।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা দ্রুত বিকল্প যোগাযোগ ব্যবস্থা ও স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
১৫৭ বার পড়া হয়েছে