চাঁপাইনবাবগঞ্জে আলাদা জায়গায় বজ্রপাতে ৫ জনের মৃত্যু
শুক্রবার, ৫ জুন, ২০২৬ ২:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ঝড়-বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারী ও এক শিশুসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলার শিবগঞ্জ, সদর ও নাচোল উপজেলায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় থানা পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে শিবগঞ্জ উপজেলায়। সেখানে বজ্রাঘাতে নিহত হন তিনজন। তারা হলেন চকনরেন্দ্র গ্রামের মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার সাদিয়া খাতুন (১৪) এবং শিকারপুর দক্ষিণপাড়ার মো. মেসবাউল।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বৃষ্টির সময় বাড়ির পাশে আম বাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে তারা ঘটনাস্থলেই মারা যান।
এদিকে, সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ (১৭)। পরে তাকে জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় একটি গরুও মারা যায়।
অন্যদিকে, নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামে মাঠে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে সুমিয়ারা বেগম নামে এক নারীর মৃত্যু হয়।
আকস্মিক এই বজ্রপাতের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে মাতম।
১৬৩ বার পড়া হয়েছে