আসন্ন বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি বরিশাল প্রতিবেশ উন্নয়ন ফোরামের
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬ ৫:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বৈশ্বিক জ্বালানি সংকট ও আমদানি নির্ভরতার কারণে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে বরিশাল প্রতিবেশ উন্নয়ন ফোরাম।
বুধবার (৩ জুন) সকালে বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন উন্নয়ন সংগঠক শুভঙ্কর চক্রবর্তী। ‘বৈশ্বিক জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি: প্রাক-বাজেট ভাবনা’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শুভঙ্কর চক্রবর্তী বলেন, সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী বিভিন্ন যুদ্ধ ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে, যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে প্রভাবিত করেছে। এ পরিস্থিতি মোকাবেলায় সরকারকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।
তিনি বলেন, সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ধীরে ধীরে বাড়ানোর যে লক্ষ্য নির্ধারণ করেছে, সেটিকে তারা স্বাগত জানান। তবে সেই লক্ষ্য অর্জনে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে অধিক বরাদ্দ নিশ্চিত করার পাশাপাশি কর ও শুল্ক সুবিধা, সহজ অর্থায়ন এবং কার্যকর নীতিগত সহায়তা প্রয়োজন।
সংবাদ সম্মেলনে উপস্থাপিত ধারণাপত্রে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের অর্থনীতি ও সাধারণ মানুষের ওপর এর প্রভাব তুলে ধরা হয়। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ ব্যবস্থার অর্থনৈতিক ও পরিবেশগত ঝুঁকি, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া জাতীয় বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে অধিক বরাদ্দ, কর ছাড় ও প্রণোদনা প্রদানের দাবি জানানো হয়। পাশাপাশি স্থানীয় সরকার, কমিউনিটি, নারী ও যুব সমাজকে নবায়নযোগ্য জ্বালানি কার্যক্রমে সম্পৃক্ত করার গুরুত্বও তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বরিশাল প্রতিবেশ উন্নয়ন ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
১৯৪ বার পড়া হয়েছে