মহিপুরে মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার
শনিবার, ১৩ জুন, ২০২৬ ৮:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর মহিপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের নয়ামিশ্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. হারুন ঘরামী (৩০), মোসা. হামিদা বেগম (৪০) এবং মোসা. পারুল বেগম (৪০)। তাদের সকলের বাড়ি মহিপুর থানার নয়ামিশ্রিপাড়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডে।
পুলিশ সূত্রে জানা যায়, নয়ামিশ্রিপাড়া এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে গোপন তথ্য পাওয়া যায়। তথ্যের সত্যতা যাচাই শেষে মহিপুর থানার একটি বিশেষ দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আলী হোসেন ঘরামী (৪৫) ও আমির হোসেন (৪০) নামে দুই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে পুলিশ অভিযান চালিয়ে হারুন ঘরামীসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
১১৮ বার পড়া হয়েছে