সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে, আশা অর্থমন্ত্রীর
শনিবার, ১৩ জুন, ২০২৬ ৩:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি দুর্নীতি কমাতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ালে দুর্নীতি কমবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, অভাব ও আর্থিক সংকট অনেক সময় মানুষকে অনৈতিক কর্মকাণ্ডের দিকে ঠেলে দেয়। তিনি উল্লেখ করেন, গত ১১ বছরে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতনকাঠামো প্রণয়ন করা হয়নি, অথচ এই সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
অর্থমন্ত্রী বলেন, “বেতন বৃদ্ধি হলে দুর্নীতির প্রবণতা কমবে বলে আমরা আশা করছি। বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করা প্রয়োজন।”
তিনি জানান, এবারের বাজেটের মূল প্রতিপাদ্য হলো “অর্থনীতির গণতন্ত্রায়ণ”। তাঁর ভাষ্য অনুযায়ী, অর্থনীতিকে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, আগামী অর্থবছরের বাজেটে বিনিয়োগ বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দক্ষ জনশক্তি তৈরি হলে দেশ ও বিদেশ—উভয় ক্ষেত্রেই কর্মসংস্থানের সুযোগ বাড়বে।
মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে নিয়ন্ত্রণ করার বিষয় নয়; বরং কার্যকর অর্থনৈতিক নীতি ও সুশাসনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে দেশের মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি হয়েছে।
ব্যাংক খাতের সংকটের বিষয়ে তিনি বলেন, অতীতে লুটপাট ও অর্থ পাচারের কারণে অনেক ব্যাংকে মূলধনের ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে তহবিল সংগ্রহের ব্যয় বেড়েছে, যা মূল্যস্ফীতিকে আরও উসকে দিয়েছে।
ব্যবসা সহজীকরণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যবসা পরিচালনার ব্যয় এখনো অনেক বেশি। একটি ব্যবসা শুরু করতে বা প্রয়োজনীয় অনুমোদন পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এসব জটিলতা দূর করতে সরকার বিনিয়ন্ত্রণকরণসহ বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৩৫ বার পড়া হয়েছে