বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা, অস্থিতিশীলতা তৈরির অভিযোগ প্রধানমন্ত্রীর
শনিবার, ১৩ জুন, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বিরোধী দল সরকারের প্রস্তাবিত বাজেট প্রত্যাখ্যান করে দেশের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার কক্সবাজার সদরে তাঁর বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল এমন একটি বাজেটও মেনে নিচ্ছে না, যেখানে করের চাপ কমানো হয়েছে এবং মদ ও সিগারেটের দাম বৃদ্ধি করা হয়েছে। তাঁর মতে, এ ধরনের অবস্থান থেকে বোঝা যায় যে বিরোধীদের মূল লক্ষ্য দেশের স্থিতিশীলতা নষ্ট করা।
তিনি বলেন, নতুন বাজেটে প্রতিটি ঘরে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। সরকারের সব উদ্যোগের মূল উদ্দেশ্য জনগণের সেবা নিশ্চিত করা। তিনি আরও বলেন, দেশের প্রকৃত মালিক জনগণ, কোনো পরিবার বা রাজনৈতিক দল নয়।
জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রেখে বলেন, “যে বাজেটে মানুষের স্বস্তি আনার ব্যবস্থা করা হয়, সেই বাজেটের বিরোধিতা যারা করে, তারা আদৌ জনগণের বন্ধু কি না—তা জনগণকেই বিবেচনা করতে হবে।”
বাজেট-পরবর্তী বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, অতীতে প্রায় প্রতিটি বাজেটের পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেলেও বর্তমান সরকারের বাজেট ঘোষণার পর এমন পরিস্থিতি সৃষ্টি হয়নি।
এ সময় তিনি বলেন, বিএনপি দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনের কাজ এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে উন্নয়নের গতি ব্যাহত হয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন, জনগণের দেওয়া সমর্থনের মর্যাদা রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ সরকার ইতোমধ্যে শুরু করেছে এবং দেশের উন্নয়নই সরকারের প্রধান অগ্রাধিকার।
১২৬ বার পড়া হয়েছে