ফরিদপুরে জেলা পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিট পরিদর্শন করলেন ডিআইজি সায়ফুজ্জামান ফারুকী
শনিবার, ১৩ জুন, ২০২৬ ৪:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কেপিআই (কি পারফরম্যান্স ইন্ডিকেটর) এবং পুলিশ ইউনিটের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) সায়ফুজ্জামান ফারুকী।
দুই দিনের সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে তিনি ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ কেপিআই, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়, নগরকান্দা থানা এবং নগরকান্দা সার্কেল অফিস সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম।
পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট ইউনিটগুলোর দাপ্তরিক কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ ব্যবস্থা এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিস্তারিতভাবে পর্যবেক্ষণ করেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তিনি পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণকে সর্বোচ্চ সেবা প্রদানের মনোভাব নিয়ে কাজ করার নির্দেশনা দেন।
এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে রক্ষায় ইউনিটগুলোর ভূমিকা জোরদার করার আহ্বান জানান তিনি। পরিদর্শন শেষে ডিআইজি সংশ্লিষ্ট পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং প্রদত্ত নির্দেশনার বাস্তবায়ন অগ্রগতি নিয়মিতভাবে পর্যবেক্ষণের জন্য ইউনিট ইনচার্জদের নির্দেশ দেন।
পরিদর্শন কার্যক্রমে কেপিআইসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১০৯ বার পড়া হয়েছে