গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
শনিবার, ১৩ জুন, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার তিনদিন পর শাহিন শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।
নিহত শাহিন শেখ সদর উপজেলার ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জুন সন্ধ্যার পর শাহিন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা চরমানিকদাহ গ্রামের একটি পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
১১৭ বার পড়া হয়েছে