সর্বশেষ

সারাদেশ

খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, সরকারের সমালোচনায় এবি পার্টির ফুয়াদ

স্টাফ রিপোর্টার, বরিশাল
স্টাফ রিপোর্টার, বরিশাল

বুধবার, ৩ জুন, ২০২৬ ২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ খাল খনন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, প্রকৃত প্রয়োজনীয় খালগুলো বাদ দিয়ে ইতোমধ্যে খনন করা খালের পাশেই নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

সোমবার (১ জুন) রাতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজার এলাকায় এবি পার্টির স্থানীয় কার্যালয়ে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদের অভিযোগ, যেসব খাল আগে অন্য সরকারি সংস্থার মাধ্যমে খনন করা হয়েছে, সেসব এলাকার কাছাকাছি আবার নতুন করে খাল খননের উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে, প্রকৃতপক্ষে খননের প্রয়োজন রয়েছে এমন কিছু খালের প্রকল্প বাতিল করা হয়েছে।

তিনি বলেন, প্রকৌশলীদের তথ্য অনুযায়ী এক কিলোমিটার খাল খননে সাধারণত ১৫ থেকে ২০ লাখ টাকার বেশি ব্যয় হওয়ার কথা নয়। তবে অনেক প্রকল্পে একই কাজের জন্য ৭০ থেকে ৮০ লাখ টাকা পর্যন্ত বরাদ্দ দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রচার ব্যয় নিয়েও প্রশ্ন তোলেন এবি পার্টির এই নেতা। তিনি বলেন, বিভিন্ন ধরনের সরকারি কার্ড বিতরণের প্রচারের জন্য শত শত কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। তার দাবি, এসব অর্থের একটি বড় অংশ প্রচার কার্যক্রমে ব্যয় হচ্ছে।

দেশে মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় মাদকের প্রভাব বৃদ্ধি পাচ্ছে এবং এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনগণকে আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

মাধবপাশা ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. আব্দুল আজিজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার জিএম রাব্বী, কর্নেল (অব.) আব্দুল খালেক, মো. মোহেবর, সিদ্দিকুর রহমান, কামরুল ইসলাম এবং ইউনিয়ন শাখার সদস্য সচিব মো. জামাল আকন।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন