পলশা-মহেষপুরে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৬:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের শতাধিক পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় পলশা বাজারে পলশা-মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির উদ্যোগে বুধবার সকালে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমল। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে এ ধরনের উদ্যোগ মানবিক সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পলশা-মহেষপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ফজলে রাব্বি রেনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী এনামুল হক মুকুল, অবসরপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী খাদেমুল হক এবং সমিতির সম্পাদক আমিরুল ইসলাম।
এসময় সমিতির ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্য, সাধারণ সদস্য এবং সুবিধাভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন।
বিতরণকৃত ঈদসামগ্রীর মধ্যে ছিল সয়াবিন তেল, সেমাই, চিনি, নুডুলসসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।
সমিতির সম্পাদক আমিরুল ইসলাম জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ঈদের আনন্দ ভাগ করে নিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ দরিদ্র ও খেটে খাওয়া মানুষের ঈদ আনন্দ কিছুটা হলেও সহজ ও স্বস্তিদায়ক করে তোলে।
১৭২ বার পড়া হয়েছে