বরিশালে ঈদুল আজহার জামাতের প্রস্তুতি সম্পন্ন, কেন্দ্রীয় ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৫:৫১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশাল নগরী ও জেলার বিভিন্ন এলাকায় ঈদের জামাত আয়োজনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নগরীর কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি জানান, মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নারীদের নামাজ আদায়ের জন্যও আলাদা সুবিধা রাখা হয়েছে।
প্রধান জামাতে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণের কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনও এই জামাতে অংশ নিতে পারেন।
এদিকে নগরীর ঐতিহ্যবাহী বরিশাল কেন্দ্রীয় জামে কসাই মসজিদে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জামে এবাদুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া সদর রোডের বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
১৪৩ বার পড়া হয়েছে