জমি বিরোধে ছুরিকাঘাতে যুবক নিহত, এলাকায় উত্তেজনা
বুধবার, ২৭ মে, ২০২৬ ৫:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরহাট এলাকায় পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ মে) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তিলকপুর হাটের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মাসুম হোসেন (২৮)। তিনি নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মিলন হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাসুম হোসেন ও প্রতিপক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার রাতে তিলকপুর হাট এলাকায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর প্রতিপক্ষের লোকজন মাসুম হোসেনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে। চিকিৎসকদের মতে, হাসপাতালে আনার আগেই পথেই তার মৃত্যু হয়।
তিলকপুর ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াছিন আলী (নান্নু) বলেন, “জমি নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ঘটনার রাতে সেই বিরোধই ভয়াবহ রূপ নেয়। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা।”
এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনাটি আক্কেলপুর থানার আওতাধীন এলাকায় ঘটলেও নিহতের বাড়ি নওগাঁ সদরে হওয়ায় বিষয়টি সমন্বয় করে দেখা হচ্ছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে আক্কেলপুর থানার ওসি শাহিন রেজা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়েছে এবং বর্তমানে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
১৩৮ বার পড়া হয়েছে