সাংবাদিকদের মামলা প্রত্যাহার ও শিশু নির্যাতন-হত্যার বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন
শনিবার, ২৩ মে, ২০২৬ ১২:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং শিশু রামিসাসহ দেশজুড়ে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় নগরীর জিরোপয়েন্ট এলাকায় রাজশাহী প্রেসক্লাব–এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলাকে স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করেন।
বক্তারা বলেন, সংবাদকর্মীদের হয়রানি ও কণ্ঠরোধের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে—যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা সম্প্রতি রাজশাহী প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক ও বিএনপির দুই নেতার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র ও চাঁদাবাজির মামলার তীব্র নিন্দা জানান এবং এক সপ্তাহের মধ্যে এসব মামলা প্রত্যাহারের দাবি তোলেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়।
একইসঙ্গে বক্তারা শিশু রামিসাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আহ্বান জানান। তারা এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিশেষ ট্রাইব্যুনালে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে রাজশাহী প্রেসক্লাবের পাশাপাশি বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাসাসের নেতাকর্মীরা অংশ নেন। সাধারণ মানুষও কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাব–এর সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন, রাজশাহী এডিটর ফোরাম–এর সভাপতি লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, সাংস্কৃতিক কর্মী ওয়ালিউল রহমান বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুশুম এবং মহানগর জাসাসের সদস্য সচিব সেলিম রেজা।
বক্তারা শেষে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সামাজিক অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা এখন সময়ের দাবি।
১০৬ বার পড়া হয়েছে