রাজশাহীতে ৪৭টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ৩:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীতে হারিয়ে যাওয়া ৪৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করেন রাজশাহীর পুলিশ সুপার। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা।
পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী জেলার ৮টি থানায় বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোট ৪৭ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের কার্যালয়ের আইসিটি শাখা প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে রয়েছে শাওমি ১২টি, ভিভো ১২টি, রিয়েলমি ৪টি, ইনফিনিক্স ৪টি, টেকনো ৪টি, ওপ্পো ৪টি, আইটেল ২টি, সিম্ফনি ২টি, নোকিয়া ১টি, স্যামসাং ১টি এবং অনার ১টি।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে পুলিশ প্রশাসন সন্তুষ্ট। ভবিষ্যতে এ ধরনের সেবার পরিধি আরও বাড়ানো হবে বলেও তিনি জানান।
মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা রাজশাহী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এ ধরনের জনসেবা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
১২৩ বার পড়া হয়েছে