গোপালগঞ্জের পাঁচুড়িয়া খালে সেতু নির্মাণ কাজ শুরু, চলমান প্রকল্প বন্ধ হবে না বলে এমপি বাবর
বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ৩:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের পাঁচুড়িয়া খালের ওপর দীর্ঘদিনের প্রতীক্ষিত একটি সেতুর নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাঃ কে. এম. বাবর বলেছেন, জেলার চলমান কোনো উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ হবে না এবং সব প্রকল্প যথাসময়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, স্থানীয় উন্নয়নকে গতিশীল করতে সরকার প্রায় সাড়ে তিনশ কোটি টাকার বিশেষ বরাদ্দ দিয়েছে। পাশাপাশি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নতুন নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনাও চলছে।
বৃহস্পতিবার (২১ মে) গোপালগঞ্জ জেলা শহরের পাঁচুড়িয়া খালের ওপর সেতুর নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে জনগণের সমস্যা শোনা এবং তা সমাধানের জন্য কাজ করাই তাদের প্রধান দায়িত্ব। একটি বাসযোগ্য ও উন্নয়নমুখী গোপালগঞ্জ গড়ে তোলার প্রত্যাশার কথাও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-বিভাগীয় প্রকৌশলী অনুজ কুমার মণ্ডল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুর রহমান বেনো, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, বিএনপি নেতা মাহবুব আলী সোহেল এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সেতুটির দৈর্ঘ্য ২৫.৭৪ মিটার এবং প্রস্থ ১৩.২৫ মিটার। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ কোটি ৪০ লাখ টাকা। নির্মাণকাজ সম্পন্ন হলে গোপালগঞ্জ জেলা শহরসহ আশপাশের এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, পূর্ববর্তী সময়ে সড়ক প্রশস্তকরণের কাজের অংশ হিসেবে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়। পরবর্তী সময়ে নানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে সেখানে নতুন সেতু নির্মাণ আটকে ছিল।
১১৭ বার পড়া হয়েছে