কলাপাড়ায় কিশোরদের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত, ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল
বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ৩:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরদের হামলায় নীরব হাওলাদার (এসএসসি পরীক্ষার্থী) গুরুতর আহত হয়েছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) বিকেলে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মুন্না, ফেরদৌসসহ কয়েকজন কিশোর মিলে নীরবের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় সে গুরুতর আহত হয়।
আহত নীরব হাওলাদার কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের পলাশ হাওলাদারের ছেলে এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে পরে তা টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, যা স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগীর পরিবার যদি আইনগত ব্যবস্থা নেয়, তাহলে বিদ্যালয় কর্তৃপক্ষ সহযোগিতা করবে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১২৫ বার পড়া হয়েছে