মাগুরা সদর হাসপাতালে আইসিইউ চালুর দাবিতে নাগরিক সমাবেশ
বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ২:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরা সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাম (মিজলস) রোগের বিস্তার ও শিশুমৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এটিকে জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি হিসেবে ঘোষণা করার আহ্বান জানানো হয়।
বুধবার সকাল ১১টায় মাগুরা সদর হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে বিজ্ঞান আন্দোলন মঞ্চ মাগুরা জেলা শাখা। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সমন্বয়ক প্রকৌশলী শম্পা বসু এবং সঞ্চালনা করেন সংগঠক আসানূর ইসলাম। এতে বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ ও সংগঠক ভবতোষ বিশ্বাস জয়।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে হাম রোগের বিস্তার এবং শিশু মৃত্যুর সংখ্যা বৃদ্ধি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। তাদের দাবি, টিকাদান কার্যক্রমে ঘাটতি ও চিকিৎসা ব্যবস্থাপনায় দুর্বলতার কারণেই এ পরিস্থিতি আরও জটিল হয়েছে।
সমাবেশে জানানো হয়, গত দুই মাসে দেশে উল্লেখযোগ্য সংখ্যক শিশু হামজনিত কারণে মৃত্যুবরণ করেছে বলে বক্তারা দাবি করেন, যা নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে হামকে ‘জরুরি স্বাস্থ্য বিপর্যয়’ ঘোষণা করে আক্রান্তদের জন্য বিনামূল্যে চিকিৎসা ও আইসিইউ সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, ২৫০ শয্যার মাগুরা সদর হাসপাতাল-এ এখনো আইসিইউ সুবিধা না থাকায় জেলার রোগীরা পর্যাপ্ত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দ্রুত আইসিইউ ইউনিট চালু, টিকাদান কর্মসূচি জোরদার, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং পর্যাপ্ত শয্যা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
১২৫ বার পড়া হয়েছে