ইইউবির সমাবর্তন ও তিন তারকা ইস্যুতে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়
বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ৬:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)-এর বিরুদ্ধে আরোপিত তিনটি লাল তারকা চিহ্ন অপসারণ এবং দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ দ্বিতীয় সমাবর্তনের অনুমোদন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে শিক্ষা সচিব আব্দুল খালেক বিশ্ববিদ্যালয়টির বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
মঙ্গলবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন ইইউবি’র উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মুরতুজা এবং উপ-উপাচার্য অধ্যাপক গোলাম আহমেদ ফারুকী। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং সমাবর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে ইইউবি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের নামের পাশে যুক্ত তিনটি লাল তারকা চিহ্ন অপসারণের দাবি জানিয়ে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করে। উপাচার্য জানান, এ ধরনের চিহ্ন শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ তৈরি করছে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এছাড়া দীর্ঘদিন ধরে অপেক্ষমাণ দ্বিতীয় সমাবর্তনের অনুমোদন দ্রুত সম্পন্ন করার বিষয়েও মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করা হয়।
শিক্ষা সচিব আব্দুল খালেক বলেন, শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। তিনি জানান, ইইউবি’র বিরুদ্ধে আরোপিত তারকা চিহ্ন অপসারণ এবং দ্বিতীয় সমাবর্তনের অনুমোদন বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা করবে।
বৈঠকে উপ-উপাচার্য অধ্যাপক গোলাম আহমেদ ফারুকী বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলাই আমাদের প্রধান দায়িত্ব। আমরা আশা করছি, শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম আরও গতিশীল হবে।”
বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা সচিবের কাছে ইইউবি’র শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের সাফল্য, সহশিক্ষা কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রকাশিত “নিউজ বুলেটিন” ম্যাগাজিন তুলে দেওয়া হয়। প্রকাশনাটি পর্যালোচনা করে শিক্ষা সচিব বিশ্ববিদ্যালয়ের চলমান ইতিবাচক কার্যক্রমের প্রশংসা করেন।
১৩৭ বার পড়া হয়েছে