কলাপাড়ায় ইয়াবাসহ বিক্রেতা আটক, মামলা দায়ের, সেবনকারীর কারাদণ্ড
বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ ৩:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে দুই যুবককে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে এবং অন্য এক মাদকসেবী তরুণকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ মে) রাত ৯টার দিকে পৌর শহরের হাসপাতাল রোড এলাকায় এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল হাসপাতাল রোড এলাকায় অভিযান চালিয়ে মো. রাসেল হাওলাদার (৩১) নামের এক যুবককে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার প্যান্টের বর্ডার থেকে নিখুঁতভাবে লুকিয়ে রাখা ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রাসেলকে আটকের পর তার বিরুদ্ধে কলাপাড়া থানায় একটি নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভ্রাম্যমাণ আদালতে শাস্তি একই সময়ে একই এলাকায় মাদক সেবনের অপরাধে মো. ইমন ফরাজী (২১) নামে এক তরুণকে হাতেনাতে আটক করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন সাদেক।
তিনি মাদক সেবনের অপরাধে ইমনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মাদক নির্মূলে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১২১ বার পড়া হয়েছে